শিলচর অধরচাঁদ স্কুলের নয়া ভবন উদ্বোধন ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : শিলচরের  অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত নবনির্মিত ভবনের উদ্বোধন হল। সোমবার বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু সহ শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে অধরচাঁদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনও জাতির উন্নতি সম্ভব নয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সরকারি বিদ্যালয়গুলিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে সরকারি স্কুলগুলো প্রাইভেট বিদ্যালয়ের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে পারে। শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নের জন্য গৃহীত আটটি মাস্টার প্ল্যান প্রকল্পের মধ্যে অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয় অনুমোদন লাভ করে।

বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শুভ্রাংশুশেখর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নেতা জ্যোৎস্নাময় চক্রবর্তী, প্রাক্তন এসডিএ চেয়ারম্যান মঞ্জুল দেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাধুরী বর্মণ, জমিদাতা চিন্ময়ী পোদ্দার, জিসি কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব, কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, প্রাক্তন শিক্ষিকা বর্ণালী ভট্টাচার্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *