সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দিতে গুজরাটের পথে হাইলাকান্দির শিবভক্তরা

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : গুজরাটের পবিত্র সোমনাথ ধামে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার শিবভক্তদের প্রতিনিধি দল গুজরাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

ভারত সরকারের সংস্কৃতি পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে অসমের প্রতিটি জেলা থেকে নির্বাচিত শিবভক্তরা অংশগ্রহণ করছেন। শনিবার গুয়াহাটির কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন অসমের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা।

এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে জেলার ১৫ জন প্রতিনিধির হাতে ফটো পরিচয়পত্র তুলে দেওয়া হয়। সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন এবং সহকারী আয়ুক্ত কিষণ চরই প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দলের সঙ্গে যাওয়া নোডাল অফিসার শংকর চৌধুরী-র সঙ্গে প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন। তিনি সকল শিবভক্তকে সোমনাথ যাত্রার জন্য শুভেচ্ছা জানান।

এদিন দলের অন্যতম সদস্য তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য রাজ্য সরকারের এই উদ্যোগ এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বরাক উপত্যকার তিন জেলা—হাইলাকান্দি, কাছাড় ও শ্রীভূমি—থেকেও শিবভক্তরা এই বিশেষ যাত্রায় অংশগ্রহণ করছেন। সোমনাথ স্বাভিমান পর্বে অংশগ্রহণকে ঘিরে হাইলাকান্দির ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সোমনাথের পবিত্র ভূমিতে প্রার্থনা ও ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ভাবের আদান-প্রদানের সুযোগ করে দেবে এই বিশেষ যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *