বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : মঙ্গলবার দুপুরে ভূমিকম্পে ধোয়ারবন্দ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একাধিক মাটির দেওয়ালের ঘর ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের সোনাছড়া গ্রামে একটি মাটির দেওয়ালের ঘর ভেঙে গুরুতর আহত হয় দীপ সূত্রধর নামে প্রায় ১৫ বছর বয়সী এক কিশোর। বর্তমানে চিকিৎসা চলছে। ধোয়ারবন্দের যোগীরবন্দের রাজীব উদ্দিন মজুমদারের ঘরও ভেঙে ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও গ্রামে বেশ কয়েকটি মাটির ঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ দিকে, ঘর ভেঙে পড়ার খবর পেয়ে সোনছড়া জিপির গ্রপ সদস্য রাজেশশুভ্র ভট্টাচার্য দীপের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে সহায়তার আশ্বাস দেন।

এ দিন দুপুর ২-১৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইলাকান্দি জেলায়। সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৮। এছাড়া ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে।



