রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় প্রচার জোরদার করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলের তারকা প্রচারক ও মণিপুরের সাংসদ ড. আঙোমচা বিমল আকোইজাম বৃহস্পতিবার ধলাই বিধানসভা এলাকায় একাধিক নির্বাচনী সভায় অংশ নেন। সপ্তগ্রাম, মালুগ্রাম ও খুলিছড়ায় আয়োজিত জনসভায় উপস্থিত থেকে তিনি কংগ্রেস মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের পক্ষে ভোট প্রার্থনা করেন। সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি অসমের বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকার ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন।
সাংসদ আকোইজাম অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বিভেদের রাজনীতি করছেন এবং উন্নয়নের পরিবর্তে সাম্প্রদায়িক ও অসাংবিধানিক বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি দাবি করেন, গত এক দশকে রাজ্যকে পিছিয়ে দিয়েছে বর্তমান সরকার, ঋণের চাপ বেড়েছে। মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি বলেন, গৌরব গগৈয়ের নেতৃত্বে রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার আসছে। সভায় উপস্থিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ধলাই আসন থেকে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে ধলাইতে চিড়িয়াখানা ও বায়ো ডাইভারসিটি পার্কের নামে প্রকল্প ঘোষণা করা হলেও বাস্তবে সেগুলি কার্যকর হয়নি। ভুবন পাহাড়ে রাস্তা নির্মাণের নামে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাসকে লক্ষ্য করে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বলেন, দলের অভ্যন্তরেই দুর্নীতি ও ব্যর্থতা নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তিনি অভিযোগ করেন, পূর্বতন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আমলে একাধিক উন্নয়ন প্রকল্পে অনিয়ম হয়েছে।
তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে ১০০ দিনের মধ্যে ধলাইয়ে পানীয় জলের সমস্যার সমাধান করা হবে এবং স্থানীয়দের পরামর্শ নিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে। সভাগুলিতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সম্পাদক জালাল আহমেদ মজুমদার, নরসিংহপুর ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক রাজেন পালিত, প্রাক্তন প্রধান শিক্ষক কাইমুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



