বরাক তরঙ্গ, ১৯ মার্চ : কাছাড় জেলার ধলাই থানা এলাকার রাজঘাট গ্রামে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে বৃহস্পতিবার এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর প্রায় ২টা নাগাদ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারিতে অন্তত কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় বাসিন্দা রজনা বেগম জানান, তার বড় ভাই মিলন উদ্দিনসহ ১০-১২ জনের একটি দল জোরপূর্বক তার বাড়িতে ঢুকে হামলা চালায়। এই হামলায় রজনা বেগম, তার পুত্র ও নাতিসহ অন্তত পাঁচজন গুরুতরভাবে আহত হন। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র তছনছ করার পাশাপাশি ঘরে থাকা প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ।
ঘটনার পর রজনা বেগম লায়লাপুর পুলিশ ফাঁড়িতে লিখিত এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে, মিলন উদ্দিনের পক্ষ থেকেও কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে, যদিও আহতের সঠিক সংখ্যা ও আঘাতের মাত্রা এখনও স্পষ্ট নয়। তার পক্ষ থেকেও পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



