বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : আগামী বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সোনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদানের বিষয়টি চূড়ান্ত করতে চলেছে।সোনাইয়ে প্রার্থী হচ্ছেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি শাহনূর আলম লস্কর। শুক্রবার শিলচরে সাংবাদিকদের এ কথা জানান সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় নেতা মহাবীর সিং। তিনি বলেন, সোনাই বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী আগে জয়ী হয়েছিলেন। এখানে দলের সাংগঠনিক ভিত যথেষ্ট সুদৃঢ়।ইতিমধ্যে সমাজবাদী পার্টির অসম রাজ্য কমিটি তথা কাছাড়ের নেতৃবৃন্দ দলের সর্বভারতীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে এ ব্যাপারে যাবতীয় রূপরেখা তৈরি করেছেন। অখিলেশ যাদব সোনাইয়ে দলীয় মনোনয়ন প্রদান করা হবে বলে অসমের নেতাদের জানিয়ে দিয়েছেন।মহাবীর সিং জানান,অসমে বিজেপি বিরোধী জোটে সমাজবাদী পার্টির অন্তর্ভুক্তির ব্যাপারে দিল্লিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।বরাক উপত্যকায় সোনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদানের বিষয়টি প্রায় চূড়ান্ত।আরও একটি বিধানসভা কেন্দ্রে মহিলা প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের প্রস্তুতি চলছে।
সমাজবাদী পার্টির পোড়খাওয়া নেতা মহাবীর সিং বলেন, দল বিজেপি-বিরোধী ঐক্যের জন্য নিরন্তর কাজ করে চলেছে। কেন্দ্র ও রাজ্যের বিজেপি শাসনকালে সাধারণ মানুষের দুর্দশা বেড়েই চলেছে। ‘খয়রাতি’ হিসেবে কিছু অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার ছক কষা হচ্ছে।এর মধ্যে দিয়ে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জীবনধারণের মান উন্নত করার বিষয়টি চিরতরে রুদ্ধ করে দেওয়া হচ্ছে।অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষের দুর্গতি ক্রমশ বেড়েই চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম লাগামছাড়া। অসমে বিভিন্ন ক্ষেত্রে চরম দুর্নীতি এবং অরাজকতা। সাম্প্রদায়িকতা এবং জাতপাতের সংকীর্ণ রাজনীতির বিষবাষ্প সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে।এই দু:সহ পরিস্থিতির অবসান ঘটাতে আগামী বিধানসভা নির্বাচনে অসমের বিজেপি বিরোধী সকল দলকে এক মঞ্চে উপনীত হতে হবে এবং সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। সমাজবাদী পার্টির দাবি মেনে প্রার্থিত্ব প্রদান করা হবে বলে তাঁরা গভীরভাবে আশাবাদী। সোনাই সহ আরও ক’টি আসনে সমাজবাদী পার্টির প্রার্থী ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত করার জন্য অখিলেশ যাদব কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন।
সমাজবাদী পার্টির কাছাড় জেলা সভাপতি তথা সোনাইয়ে মনোনয়ন – প্রত্যাশী শাহনুর আলম লস্কর সাংবাদিকদের বলেন, দলনেতা অখিলেশ যাদব নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়তে তাঁদের নির্দেশ দিয়েছেন।তাঁরা এখন বুথভিত্তিক তৎপরতা শুরু করে দিয়েছেন।জেলা সহ – সভাপতি দেবাশিস ঘোষ বলেন, সোনাইয়ে সর্বসম্মতিক্রমে শাহনূর আলম লস্করকে দলের প্রার্থী করা হচ্ছে ।আরেক জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, সামাজিক ন্যায়বিচারের জন্য সমাজবাদী পার্টি জনসমর্থন পাবে। সমাজবাদী পার্টির জেলা সাধারণ সম্পাদক হলেন দেবাশিস রায়, সমাজবাদী পার্টি কাছাড় জেলা মহিলা সভানেত্রী জেনুফার ইয়াসমিন, সমাজবাদী যুবজন সভার জেলা সভাপতি আলম লস্কর।



