অগপ-র কেন্দ্রীয় অর্থ সম্পাদক জয়ন্ত খাউন্ডের পদত্যাগ

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মার্চ : অগপ-র কেন্দ্রীয় অর্থ সম্পাদক জয়ন্ত খাউন্ড পদত্যাগ করেছেন। লখিমপুরের রঙানদী কেন্দ্র থেকে অগপের সম্ভাব্য প্রার্থী জয়ন্ত খাউন্ড দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার হঠাৎ তাঁর পদত্যাগে দলের অভ্যন্তরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অগপের অর্থ সম্পাদক জয়ন্ত খাউন্ড দলের সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি দলের সভাপতি অতুল বরাকে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, তিনি দলের সব পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছেন এবং নিজের কাছে থাকা সমস্ত নথিপত্র জমা দিয়েছেন। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন পদত্যাগ করলেন অগপের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জয়ন্ত খাউন্ড? লখিমপুরের রঙানদী কেন্দ্র থেকে অগপের শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন কাজ করে আসা জয়ন্ত খাউন্ড নির্বাচনের ঠিক আগে এভাবে দল ছেড়ে দেওয়ায় আঞ্চলিক দলটির ভিত কেঁপে উঠেছে।

উল্লেখ্য়, ১৯৮৫ সাল থেকে নিষ্ঠার সঙ্গে অগপ দলে থেকে কাজ করে আসছিলেন জয়ন্ত খাউন্ড। অতীতে তিনি দলের বিভিন্ন দায়িত্ব পালন করার পাশাপাশি প্রায় এক দশক ধরে দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। লখিমপুরের নবগঠিত রঙানদী কেন্দ্রে এবার তিনি দলের প্রার্থী হওয়ার আশা করেছিলেন। কেন্দ্রের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে তিনি দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছিলেন এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে সক্রিয়ভাবে কাজ করছিলেন।

এর আগে তিনি নাওবৈচা কেন্দ্র থেকে দু’বার নির্বাচন লড়েছিলেন, যদিও সফল হননি। এবার নাওবৈচা কেন্দ্র তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় পাশের নবগঠিত রঙানদী কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দাবি জানান খাউন্ড। ওই কেন্দ্রে তিনি শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

কেন্দ্রটি বিজেপি–অগপ জোটের পক্ষ থেকে অগপকে ছেড়ে দেওয়ার দাবি করা হয়েছিল। কয়েকদিন আগে অগপের শীর্ষ নেতৃত্ব কেন্দ্রে অনুষ্ঠিত এক বিশাল দলীয় জনসভায়ও সেই দাবি তোলে। দলের নেতৃত্বের কাছ থেকে কেন্দ্র অগপের জন্য ছেড়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছিল। সেই আশাতেই জয়ন্ত খাউন্ড কেন্দ্র মানুষের মধ্যে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *