রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : রবিবার দিনভর বৃষ্টিতে শিলচর শহরের একাধিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের ব্যস্ততম সড়ক বিবেকানন্দ রোড, কলেজ রোড, বিলপারসহ বেশ কয়েকটি এলাকা কৃত্রিম বন্যার মতো পরিস্থিতিতে প্লাবিত হয়ে পড়ে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, শহরের নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে বৃষ্টির জল দ্রুত নালায় নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জল রাস্তায় উঠে গিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ছে।
এদিকে, জল জমে যাওয়ার কারণে গাড়ি চালক ও পথচারীদের প্রাণের ঝুঁকি নিয়ে জলের মধ্য দিয়েই চলাচল করতে দেখা যায়। এতে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। তাই দ্রুত জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।




