রাজ্যে শিক্ষক বদলি প্রক্রিয়ায় নমনীয়তা, নয়া নিয়োগপ্রাপ্তরাও যে কোনও সময় আবেদন করতে পারবেন

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মার্চ : অসমে শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও সহজ ও নমনীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে দু’বছর অপেক্ষা করতে হত, তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও যে কোনও সময় পারস্পরিক বদলির (মিউচুয়াল ট্রান্সফার) জন্য আবেদন করতে পারবেন।

স্কুল শিক্ষা বিভাগের কমিশনার-সচিব নারায়ণ কোঁওর স্বাক্ষরিত এসই-১১০১১(১৭)/১০/২০২৬ নম্বরের নতুন নির্দেশিকায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও শিক্ষক একবার বদলি হওয়ার পর পুনরায় আবেদন করতে দু’বছর অপেক্ষা করার যে নিয়ম ছিল, তাও তুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পারস্পরিক বদলি কেবল একই পদমর্যাদার শিক্ষকদের মধ্যে এবং নির্ধারিত অনলাইন পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন হবে। এতে ছাত্র-শিক্ষক অনুপাতের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। একই পদমর্যাদার শিক্ষকদের মধ্যে বদলির সুযোগ থাকায় শিক্ষার্থীদের পাঠদানে কোনও ব্যাঘাত ঘটবে না বলে সরকার মনে করছে।

সরকার আরও স্পষ্ট করেছে যে, অসম এলিমেন্টারি ও সেকেন্ডারি স্কুল টিচার্স (রেগুলেশন অ্যান্ড পোস্টিং) আইন, ২০২০ এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ম ও বিধান অপরিবর্তিত থাকবে। নতুন ব্যবস্থাগুলি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা মিশনের মিশন ডিরেক্টর এবং অসমের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিকর্তাকে। অনলাইন শিক্ষক বদলি পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হবে।

কমিশনার-সচিব নারায়ণ কোঁওরের স্বাক্ষরিত এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হয়েছে। এর ফলে শিক্ষকদের কর্মস্থল নির্বাচনে আরও নমনীয়তা আসবে এবং রাজ্যের বিদ্যালয়গুলিতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সরকারি লক্ষ্য পূরণে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *