দেশের সনাতন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করাই বিজেপির লক্ষ্য : রাকেশ

ধলাইয়ে বিজেপি যুব মোর্চার সম্মেলন, কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ_____

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ধলাইয়ের পানিভরায় বিজেপি যুব মোর্চার বিধানসভা ভিত্তিক বিশাল যুবসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি রাকেশ দাস বলেন, আসন্ন নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের লড়াই নয়, বরং রাজ্যে এমন শক্তির প্রভাব রোধ করার লড়াই, যারা পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখে আসামের রাজনীতিতে দাপট দেখাতে চায়। রাকেশ দাস বলেন, ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করা এবং দেশের সনাতন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করাই বিজেপির লক্ষ্য। তিনি দাবি করেন, বিজেপি কর্মীরা দেশ ও সমাজের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, মোগল ও বাবরের চিন্তাধারার মানুষরা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে একটি বিশেষ সম্প্রদায়কে তোষামোদ করছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাভিমান নিয়ে কোনও আপস করা চলবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। আগামী দিনেও বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবসমাজকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় প্রদেশ বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি তথা কাছাড়ের সাংগঠনিক প্রভারি মিলন দাস কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেস সরকারের সময় সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের লাখ লাখ টাকা ঘুষ দিতে হতো। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ সরকারি চাকরির ঘোষণা দিলেও দেড় লক্ষেরও বেশি চাকরি প্রদান করা হয়েছে, তাও কোনও ঘুষ ছাড়াই। মিলন দাস বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে বিজেপিকে শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব মোর্চার সভাপতি কুলদীপ নিহাল চৌধুরী। এছাড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোলাপ রায়, সীতাংশু দাস, পরেশ তাতি, ধলাইয়ের তিন মণ্ডলের সভাপতি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব মোর্চার আইটি সেলের কর্মকর্তা স্মরণদীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *