কাঁঠাল পয়েন্ট থেকে ঘুংগুর পর্যন্ত বিশাল পদযাত্রায় রাজদীপের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। প্রার্থীরা সাতসকালেই বেরিয়ে পড়েন প্রচারে।বুধবার সকাল ৮টায় শিলচর কাঁঠাল রোডের পয়েন্ট থেকে শুরু করেন পদযাত্রা বিজেপির প্রার্থী ডাঃ রাজদীপ রায়। কাঁঠাল পয়েন্ট থেকে ঘুংগুর ভেটেরিনারি পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই পদযাত্রায় কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। রাস্তার পাশে উপস্থিত কর্মীরা ডাঃ রাজদীপ রায়কে গলায় উত্তরীয় ও ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

পদযাত্রায় সামিল নেতা-কর্মীরা ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ’, ‘মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ’, ‘ডাঃ রাজদীপ রায় জিন্দাবাদ’ ধ্বনিতে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলেছিলেন।প্রার্থী ডাঃ রাজদীপ রায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “দেশকে সুরক্ষিত রাখতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে হবে, আর আসামকে সুরক্ষিত রাখতে হলে ডাঃ হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত রাখতে হবে। বিজেপি সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে, কংগ্রেস কেবল নির্বাচনের সময় ভ্রষ্টাচার চালায়। কংগ্রেসের মিথ্যা প্রচার থেকে দূরে থেকে ৯০ শতাংশ ভোট প্রদান করুন।”

এদিন উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস (মণি), সহ-সভাপতি মিঠুন রায়, নীরেন পাল, ভোলানাথ যাদব, প্রাক্তন পুর কমিশনার অসীম দাস (অপু) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *