ইতিবাচক ফলাফলে আশাবাদী : রাজদীপ রায়

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : শিলচরের কলেজ রোডের অভিনব ক্লাব প্রাঙ্গণে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় সভায় স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ রাজদীপ রায় আসন্ন নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী। নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ সাল থেকে তিনি সক্রিয় রাজনীতিতে রয়েছেন এবং ২০১৯ সালে নির্বাচিত হয়ে সাংসদ হন। গত দুই বছরে ত্রিপুরায় তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও তিনি তুলে ধরেন। নিজের কাজের প্রসঙ্গে ডাঃ রাজদীপ রায় সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। তিনি ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প, বিহারায় খাদ্য সংরক্ষণাগার নির্মাণ এবং কোভিড-১৯ সময়ে স্বাস্থ্য পরিষেবা জোরদারের উদ্যোগের কথাও উল্লেখ করেন। পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ডা. রাজদীপ রায় বলেন, সরকার এই অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং চার লেনের সড়ক ও উন্নত পরিবহন ব্যবস্থার মতো প্রকল্প ইতিমধ্যেই চলছে বা পরিকল্পনায় রয়েছে। তিনি আরও বলেন, তিনি সাধারণ মানুষের পাশে ২৪ ঘণ্টা উপলব্ধ থাকবেন। সভাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দলীয় সমর্থকদের উপস্থিতি প্রচারের গতি আরও বাড়িয়েছে।

সভাটি সঞ্চালনা করেন সুদীপ দাস। উপস্থিত ছিলেন প্রাক্তন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, ক্লাবের সভাপতি গোপাল চন্দ্র ভট্টাচার্য, সম্পাদক সমর বিজয় ঘোষ, কল্যাণ চক্রবর্তী, সুমনা দাস ও মিতালি দাসসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *