শিলচরে বিজেপি–অগপ সমন্বয় জোরদার, জয়ের ব্যাপারে আশাবাদী রাজদীপ রায়

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের জয় নিশ্চিত করতে সংগঠনগত তৎপরতা আরও জোরদার হচ্ছে। মঙ্গলবার রাতে তাঁর বাসভবনে অগপ-র শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদ্বীপ ভট্টাচার্য (দীপন)-এর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দলের নেতা-কর্মীরা সাংগঠনিক পরিচিতি ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই বৈঠকের মাধ্যমে এনডিএ জোটের অন্তর্গত বিজেপি ও অগপ-র পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই ঐক্য বিরোধী দলগুলির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করবে। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায় বলেন, “আমি বিজেপির মনোনীত প্রার্থী হলেও এনডিএ সমর্থিত। অগপ ও বিজেপি অসমের মিত্রজোটের অংশ। তাই পারস্পরিক সাংগঠনিক সমন্বয় অত্যন্ত জরুরি। অগপ কর্মীরা সবসময় আমাদের পাশে থেকেছে, এবারও তাদের পূর্ণ সমর্থন আমাদের জয় নিশ্চিত করবে।”

অন্যদিকে, অগপ-র শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদ্বীপ ভট্টাচার্য (দীপন) বলেন, “নির্বাচন ঘোষণার আগেই আমাদের নেতা-কর্মীরা মাঠে নেমে কাজ শুরু করেছে। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে ডাঃ রাজদীপ রায় বিপুল ভোটে জয়ী হবেন। এই লক্ষ্যে অগপ তার সর্বশক্তি নিয়োগ করবে।”

উল্লেখ্য, বরাক উপত্যকায় গত নির্বাচনে এনডিএ-অগপ জোট উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। এবারের নির্বাচনেও এই সমন্বয় বিরোধী ভোটে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি অমিতেষ চক্রবর্তী, শিলচর বিধান পরিষদের সহ-সভাপতি প্রদীপ সিনহা, সৌমেন দাস, সহকারী সম্পাদক বিজয় নন্দী, কৃষক পরিষদের শিলচর সভাপতি কুতুব উদ্দিন বড়ভূইয়া, সহ-সভাপতি ফারুক বড়ভূইয়া, সহকারী সম্পাদক রিয়াজুল নুর আলম, রিয়াজুল হক বডভূইয়া, কার্যালয় সম্পাদক সৌগত দাস, কার্যনির্বাহী সদস্য সজল চৌধুরী, জাবেদ আহমদ লস্কর,জুনেব মজুমদার, আইটি সেক্রেটারি বিশাল বিশ্বাস, অমলেন্দু দেবনাথ, শাহিন আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *