কনকপুর হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উদযাপন, আর্শীবাদ নিলেন রাজদীপ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : মহাপবিত্র শ্রীশ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরের কনকপুর রোডের বঙ্করাম লেনে গৈরিক ভারত সংস্থার পরিচালনায় বিভিন্ন সনাতনী ধর্মীয় নীতি মেনে হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালিত হয়। এদিন রাত ৮টায় হনুমান জয়ন্তী পালনে অংশগ্রহণ করে আর্শীবাদ গ্রহণ করেন শিলচর বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির শিলচর বিধানসভা সংযোজক মঞ্জুল দেব, প্রাঞ্জল পাল এবং রাজস্থান থেকে আগত গুরুকুল ভারতমাতা মন্দিরের অধ্যক্ষ প্রশান্তজি মহারাজ, গৈরিক ভারতের কেন্দ্রীয় সভাপতি মণিভূষন চৌধুরী প্রমুখ।

গোপাল রায়সহ অন্যান্য সদস্যরা তাঁদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান। অনুষ্ঠানে প্রথমে গুরুকুল ভারতমাতা মন্দিরের অধ্যক্ষ প্রশান্তজি মহারাজ হনুমানজির পূজার্চনা করেন এবং হনুমান চালিশা ও হনুমান স্তোত্র পাঠ করে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, হনুমানজি চিরঞ্জীব আট মহান দেবতার একজন। ত্রেতায়ুগে প্রভু রামের, দাপরযুগে প্রভু কৃষ্ণের সময়ে তাঁর উপস্থিতি ছিল, কলিযুগেও তিনি আমাদের মধ্যে আছেন বলে রামায়ণ ও মহাভারতের উল্লেখ করেন। বিজেপির প্রাঞ্জল পাল বলেন, হনুমানজির আশীর্বাদে ডাঃ রাজদীপ রায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন এবং কনকপুর রোডসহ শিলচরের সমস্যা সমাধান করবেন।

গৈরিক ভারতের কেন্দ্রীয় সভাপতি মণিভূষন চৌধুরী জানান, তাঁদের সংগঠন জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে জড়িত। ডাঃ রাজদীপ রায়ের প্রয়াত বাবা প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরে বলেন, জয়ের পর শিলচরকে আধুনিক শহরে রূপান্তরিত করবেন। ডাঃ রাজদীপ রায় বলেন, হনুমানজি হিন্দুধর্মের প্রধান দেবতা, রামের পরম ভক্ত, শক্তি-ভক্তি-সেবার প্রতীক। তিনি বিধায়ক হলে প্রথমেই বঙ্করাম লেনের জরাজীর্ণ রাস্তা মেরামত করবেন। অন্য উপস্থিতদের মধ্যে ছিলেন উত্তম সূত্রধর, বাদল দাস, সন্তোষ দাস, শঙ্কর পাল। সভা পরিচালনা করেন রনজিৎ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *