বিশ্ব মঞ্চে হিন্দি ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : বিশ্ব হিন্দি দিবস পালনের অঙ্গ হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মঞ্চে হিন্দি ভাষা ও কর্মসংস্থানের সম্ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রেমেন্দ্রমোহন গোস্বামী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণজ্ঞাপন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জ্ঞানপ্রকাশ পাণ্ডে ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিলচর উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারি।

অনুষ্ঠানে পৌরোহিত্য করে উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ বলেন, বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে হিন্দি ভাষার ক্রমবর্ধমান গুরুত্বের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও এর সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি হিন্দি ভাষার প্রসার ও উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি অধ্যাপক পাণ্ডে বলেন, ভাষা কেবল সংস্কৃতি ও সভ্যতার বাহক নয়, বরং এটি কর্মসংস্থানেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি জাতীয় শিক্ষা নীতি ২০২০-এ হিন্দি ভাষার অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ করে এর তাৎপর্য ব্যাখ্যা করেন। বিশেষ অতিথি ড. সুজিত তিওয়ারি আধুনিক যুগে হিন্দি ভাষার ব্যবহার, প্রযুক্তির সঙ্গে এর সংযোগ এবং হিন্দি সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদার বিষয়ে আলোকপাত করেন।

বিশ্ববিদ্যালয়ের রাজভাষা সেলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ, বিত্ত আধিকারিক ড. শুভদীপ ধর, হিন্দি আধিকারিক ড. সুরেন্দ্রকুমার উপাধ্যায়, হিন্দি অনুবাদক আধিকারিক পৃথ্বীরাজ গোয়ালা সহ শিক্ষক-ছাত্র-গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *