বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশে সম্মান পাচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কবি-প্রাবন্ধিক সুমন গুণ। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান অর্পণ করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যতিক্রমের কর্ণধার সৌমেন ভারতীয়া। তিনি বলেন, চার দশক ধরে অধ্যাপক গুণ বাংলা সাহিত্যের সেবায় নিজেকে নিযুক্ত রেখেছেন। বাংলা ভাষার শ্রেষ্ঠ পত্রিকাগুলিতে তাঁর রচনা প্রকাশিত হয়।
তাঁর কবিতা ও সাহিত্য-সমালোচনা তরুণ প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছে। দেশ ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে তিনি সাফল্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তাঁকে সম্মান জানানোর সুযোগ পেয়ে ব্যতিক্রম পরিবার গর্বিত। আগামী একুশে ফেব্রুয়ারি কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানে অধ্যাপক সুমন গুণের হাতে একুশে সম্মান অর্পণ করা হবে বলে জানানো হয়েছে।



