বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিলচর রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান প্রফেসর রমেন্দ্রনারায়ণ দে-কে স্মরণ করল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজ কনফারেন্স হলে প্রয়াত রমেন্দ্র নারায়ণ দে-র প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণসভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এদিন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত স্মৃতিচারণ সভায় কলেজের বর্তমান ও প্রাক্তন অধ্যাপক সহ অশিক্ষক কর্মচারীরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এরপর বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে প্রয়াত অধ্যাপকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. অসীমা রায়, প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. কঙ্কনা নাথ, মণিপুরি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান জয়মতী সিংহ, অধ্যাপক ড. জীবন দাশ, ড. কালীপদ দাশ, ড. নবনিতা দেবনাথ, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম সহ অন্যান্যরা। সভা শেষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বক্তব্যে বলেন, প্রয়াত রমেন্দ্র নারায়ণ দে ছিলেন সদা হাস্যময়, প্রাণবন্ত এবং অমায়িক ব্যক্তিত্ব। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অভিভাবকসুলভ বন্ধু, প্রেরণার উৎস এবং কলেজ পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। কলেজ প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই তিনি নানা গুরুত্বপূর্ণ কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানের বিকাশ ও অগ্রগতির পেছনে তাঁর নিষ্ঠা, শ্রম ও আন্তরিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিভিন্ন বক্তা।
উল্লেখ্য, শনিবার ১৪ ফেব্রুয়ারি সকাল ৮-৫০ মিনিটে নতুন দিল্লিতে তাঁর ছেলের বাড়িতে প্রয়াত হয়েছেন। তাঁর এই প্রয়াণে রাধামাধব কলেজ পরিবার গভীর ভাবে শোকাহত।



