বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শিলচরে সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে শিলচর প্রেস ক্লাব। সোমবার প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই হামলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক সমাজে এ ধরনের কর্মকাণ্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ সুরজিৎ চক্রবর্তী তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে আসেন। সেই সময় অভিযুক্ত অরবিন্দ দাস তাঁকে আউট পোস্টের সামনে অবস্থিত একটি বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে অরবিন্দ দাস ক্ষোভ প্রকাশ করে এবং কীভাবে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হল, তা নিয়ে সুরজিৎ চক্রবর্তীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় এক ব্যক্তি সুরজিৎ চক্রবর্তীকে বাজারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় অরবিন্দ দাস অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে এসে তাঁর ওপর হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন সুরজিৎ চক্রবর্তী। প্রাণভয়ে তিনি চিৎকার শুরু করলে ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সুরজিৎ চক্রবর্তী অভিযুক্ত অরবিন্দ দাস সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



