প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিলচর সফরকে ঘিরে জোর প্রস্তুতি, চূড়ান্ত পর্যায়ে আয়োজন

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : আগামী ১৪ মার্চ উত্তর–পূর্বাঞ্চল সফরের অংশ হিসেবে শিলচরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনকে ঘিরে শিলচর শহরজুড়ে জোরকদমে প্রস্তুতি চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। শিলচর বাইপাস এলাকায় তৈরি করা হচ্ছে বিশাল জনসভা মঞ্চ। সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। সোমবার এ বিষয়ে প্রস্তুতির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায়।

ইতিমধ্যেই সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তর–পূর্বাঞ্চলের জন্য প্রায় ২২ হাজার ৮৬৪ কোটি টাকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানা গেছে।

এর পাশাপাশি শ্রীভূমি জেলার পাথারকান্দিতে একটি কৃষি মহাবিদ্যালয়সহ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শিলচর থেকে বদরপুর হয়ে চুড়াইবাড়ি পর্যন্ত রেলপথের বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ায় তারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালসহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের।

প্রধানমন্ত্রীর শিলচর সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *