বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও সংযুক্ত কিষান মোর্চার যৌথ মঞ্চের আহ্বানে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও সর্বাত্মক ধর্মঘটের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সভা,পথসভা, পোস্টার লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচার সংগঠিত করা হয়েছে।
সোম ও মঙ্গলবার শিলচরে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন সুব্রত নাথ, সুভাষ দেব, রঞ্জন দাস, অজয় রায়, সুপ্রিয় ভট্টাচার্য, দুলাল মিত্র প্রমুখ। দাবিগুলির অন্যতম শ্রম আইন সংশোধন করে শ্রমিক বিরোধী নয়া শ্রম কোড বাতিল করা, কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি অধিকার, এমজিএনরেগা পুনরায় চালু করা এবং ৬০০ টাকা মজুরি সহ ২০০ দিনের কাজের গ্যারান্টি, প্রকল্প কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, চা শ্রমিকের ৬৬০ টাকা মজুরি ও জমির পাট্টা প্রদান, নির্মাণ শ্রমিকের সমস্ত সুযোগ সুবিধা বজায় রাখা,পরিবহন শ্রমিকের সামাজিক সুরক্ষা, ভোটার তালিকা সংশোধনে ভারতীয় নাগরিকের নাম কর্তন না করা, রাষ্ট্রায়ত্ব শিল্প বেসরকারিকরণ বন্ধ করা ইত্যাদি। যৌথ মঞ্চের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার মাধ্যমে এই ধর্মঘটকে সফল করার আহবান জানানো হয়েছে। জরুরী কাজের জন্য বিশেষ পাস নেওয়ার জন্য। উকিলপট্টিতে এআইইউটিইউসি অফিসে যোগাযোগ করা যাবে। এক প্রেস বার্তায় জানিয়েছেন সুপ্রিয় ভট্টাচার্য।



