বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারি বিভাগ এবং সমাজকর্ম বিভাগ যৌথ উদ্যোগে ‘আইইইই-র ইপিক্স’র অন্তর্গত ‘রিচ’ (রুরাল এডুকেশনাল অ্যাডভান্সমেন্ট ফর কমিউনিটি হেলথ) প্রকল্পের ওয়েবঅ্যাপ উদ্যোগের প্রাক্-উদ্বোধন শনিবার আয়োজিত হল বড়জালেঙ্গার আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয়ে। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল শিক্ষাসামগ্রী প্রদান, প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চার প্রসার, স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই প্রকল্প গ্রামীণ শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে দীর্ঘমেয়াদি সামাজিক কল্যাণে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তিগত দক্ষতা ও সমাজকর্মের নীতির সমন্বয়ে এটি আন্তঃবিভাগীয় সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি এটি দেশের ডিজিটাল অগ্রগতি, গ্রামীণ ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক উন্নয়নের অগ্রাধিকারমূলক লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ রমাকান্ত ভট্টাচার্য, সুপারিনটেনডেন্ট রামেন্দু দেব এবং এমডি ননী গোপাল বণিক আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির প্রাক্-উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রায় ১২০ জন শিক্ষার্থী ও ৩০ জন স্থানীয় বাসিন্দা। এছাড়াও ‘রিচ’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক মৌসুম হ্যান্ডিক, ড. অর্ণব পাল, ড. লালজো এস. থাংজম, কমলেশ দেবনাথ, শ্রিনয় দাস, অবন্তিকা লাংথাসা, দীপজ্যোতি দেউরি এবং সিটিজেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি বড়জালেঙ্গার বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক সুদীপ্ত রায় ও রোজকান্দি চা-বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া।



