শিলচর শহরে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ৮০ শতাংশ কাস্টিং নিয়ে আশাবাদী রাজদীপ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচর শহরেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়।

এদিন সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখা যায় সাধারণ মানুষকে।
ভোটগ্রহণ চলাকালীন শহরের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন ডা. রাজদীপ রায়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এবার শিলচরে ৮০ শতাংশের বেশি ভোটদান হতে পারে। পাশাপাশি গণতন্ত্রের এই উৎসবকে ঘিরে শহরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সব ভোটারকে অভিনন্দন জানিয়ে ডাঃ রায় বলেন, এবারের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত এবং কাছাড় জেলা থেকে কংগ্রেস সম্পূর্ণরূপে শূন্য হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *