রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্র জুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি, কোনও ভোটকেন্দ্রেই পুনর্নির্বাচনের প্রয়োজন হবে না বলেও নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
ভোটগ্রহণ শেষে ধীরে ধীরে ভোটকর্মীরা শিলচরের রামনগরস্থিত আইএসবিটি স্ট্রং রুমে পৌঁছাতে শুরু করেছেন। তাঁদের সঙ্গে রয়েছে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী।
প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হলেও, কিছু কিছু কেন্দ্রে তখনও ভোটদান প্রক্রিয়া চলছিল। এদিকে, স্ট্রং রুম চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুশৃঙ্খলভাবে ইভিএম ও সামগ্রী জমা দেওয়ার কাজ চলছে।

এ প্রসঙ্গে কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গ বলেন, তিন দিন ধরে প্রায় ১৫০০ জন কর্মী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, রাত ১০টার মধ্যে সমস্ত ইভিএম গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
সবমিলিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ভোট পড়েছে বড়খলায় ৮৩,৯৬ শতাংশ, ধলাই ৭৮.৫৫ শতাংশ, কাটিগড়া ৮৬.৩৭, লক্ষীপুর ৮৩.৭০ শতাংশ, শিলচর ৭৯.৯৭ শতাংশ, সোনাই ৮০.৯২ শতাংশ ও উধারবন্দ ৮১.৬৯ শতাংশ।



