কাছাড়ে শান্তিপূর্ণ ভোটে কড়া প্রস্তুতি, হেল্পলাইন চালু পুলিশের

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ১,৭৩২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব স্পর্শকাতর কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যাতে সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি কোম্পানি জেলায় এসে পৌঁছেছে এবং বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ ও টহল শুরু করেছে।

নির্বাচন সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানানোর জন্য কাছাড় পুলিশ একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল ৬০২৬৯০০৬৭৮। সাধারণ মানুষ কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলার সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছেন সিনিয়র পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *