বরাক তরঙ্গ, ২০ মার্চ : শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল কবিতা দিবস। সাহিত্যপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী ও কবিতানুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি এক সৃজনশীল ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন।
অনুষ্ঠানের সূচনায় কবিতার তাৎপর্য ও বর্তমান সময়ে কবিতার প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করা হয়। এরপর শুরু হয় কবিতা পাঠের আসর। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি ও অধ্যাপক সুমন গুণ, অধ্যাপক মহুয়া সেনগুপ্ত, অধ্যাপক পীযূষ পাণ্ডে, অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী, কবি শতদল আচার্য, আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি রাজকিঙ্কর চক্রবর্তী, অঙ্কিতা দেব সহ আরও অনেকে।
প্রত্যেক কবির কণ্ঠে উচ্চারিত কবিতার ছন্দ, ভাবনা ও বার্তা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। মানবিকতা, সমাজবাস্তবতা, প্রেম, প্রতিবাদ ও সমকালীন জীবনের নানা দিক উঠে আসে কবিতার পঙ্ক্তিমালায়। বিশেষত তরুণ প্রজন্মের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শেষে বক্তারা বলেন, কবিতা কেবল সাহিত্যচর্চার একটি মাধ্যম নয়, এটি সমাজের ভাবনা, চেতনা ও অনুভূতির প্রতিফলন। এমন উদ্যোগ শিক্ষাঙ্গনে সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে ও নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে।
কবিতার মাধ্যমে সমাজ ও সময়কে নতুন করে ভাবার যে আহ্বান উঠে আসে, তা সকলের মনে গভীর ছাপ ফেলে। উপস্থিত বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সাহিত্যভিত্তিক উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।




