অগ্ৰিম জামিনের আবেদন পবন খেরার, হাইকোর্টের দ্বারস্থ

Spread the news

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : অগ্ৰিম জামিনের আবেদন জানিয়ে গৌহাটী উচ্চআদালতের শরণাপন্ন হয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। জানা গেছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্নী রিণিকি ভূঞা শর্মা পবন খেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগে খেড়া রিণিকি ভূঞা শর্মার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেছিলেন। তিনি দাবি করেন যে, রিণিকি ভূঞা শর্মার আমেরিকায় ৫২ হাজার কোটি টাকার একটি কোম্পানি রয়েছে এবং তাঁর তিনটি দেশের পাসপোর্ট আছে। এই অভিযোগের পরই রিণিকি ভূঞা শর্মা ক্রাইম ব্রাঞ্চে পবন খেরার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, পবন খেরার এই অভিযোগগুলি সরাসরি অস্বীকার করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রিণিকি ভূঞা শর্মা। পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করেন, কংগ্রেসের পক্ষ থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।

সংবাদমাধ্যমের সামনে তিনি দেখান যে, মাত্র ১৯৯ মার্কিন ডলার খরচ করেই সহজে একটি কোম্পানি নিবন্ধন করা সম্ভব। এমনকি গৌরব গগৈর নামেও একটি ভুয়া এলএলপি খুলে তা প্রদর্শন করেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, পবন খেরার অভিযোগ অনুযায়ী রিণিকি ভূঞা শর্মার সংযুক্ত আরব আমিরাতে কোনও নাগরিকত্ব নেই। এই বিষয়টি ভারত সরকারকে ইউএই সরকারও নিশ্চিত করেছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি, তাঁর মিশরের নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগও সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *