বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচরের বানিপাড়া এলাকায় নবনির্মিত সিসি ব্লক রাস্তার উদ্বোধন করলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদের আনটাইড ফান্ড থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের দাবি পূরণ করেছে।
বানিপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিলচর শহরসহ সমগ্র কাছাড় জেলায় সড়ক উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। তিনি জানান, এই রাস্তা নির্মাণের জন্য আনটাইড ফান্ড থেকে ৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।
সাংসদ আরও জানান, প্রায় ৫০ মিটার রাস্তার কাজ এখনও বাকি রয়েছে। সেই অংশের কাজ সম্পন্ন করার জন্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, শিলচর বিধানসভা এলাকায় তার অনুমোদনে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে এবং সেগুলি শীঘ্রই সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরসভা কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিংহ, বিশিষ্ট সমাজসেবী সৌমিত্রশঙ্কর চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পালসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি।



