দেশের বীর জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

Spread the news

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম সফরের আজ দ্বিতীয় দিন। সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্পে অনুষ্ঠিত CRPF-এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবারের মতো অসমে অনুষ্ঠিত হচ্ছে CRPF-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেড।

CRPF-এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিয়ে দেশের বীর জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ হন অমিত শাহ। তিনি বলেন, দেশের জন্য জওয়ানরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। ১৯৬৫ সাল থেকে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই প্রথমবার উত্তর-পূর্ব ভারতে বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। গত ৮৭ বছরে CRPF অসাধারণ দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের নিরাপত্তা রক্ষায় CRPF-এর ২২৭০ জন জওয়ান আত্মবলিদান দিয়েছেন।

তিনি আরও বলেন, একসময় দেশের তিনটি অঞ্চল অশান্ত হটস্পট হিসেবে বিবেচিত ছিল—জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারত। উত্তর-পূর্বে ৭০০ জন, জম্মু ও কাশ্মীরে ৫৪০ জন এবং অসমে ৭৯ জন CRPF জওয়ান শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মবলিদান দিয়েছেন। মাওবাদী এলাকা, কাশ্মীর কিংবা উত্তর-পূর্ব—সব জায়গাতেই দেশের বিভিন্ন প্রান্তের জওয়ানরা শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন।

অমিত শাহ জানান, মাত্র দুটি ব্যাটালিয়ন নিয়ে শুরু হওয়া CRPF বর্তমানে ২৪৩টি ব্যাটালিয়নে বিস্তৃত হয়েছে এবং এতে প্রায় ৩ লক্ষ ৮৯ হাজার জওয়ান কর্মরত রয়েছেন। তিনি বলেন, কলকাতায় বামপন্থী সহিংসতার সময়ও CRPF সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। CRPF-এর জওয়ানরা কখনও ব্যর্থ হন না এবং সবসময় সফলতা অর্জন করেন।

তিনি আরও বলেন, বর্তমানে জম্মু ও কাশ্মীরে সহিংসতা অনেকটাই কমেছে, যার পেছনে CRPF, Border Security Force (BSF) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও, রাম মন্দিরে হামলার প্রচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হয়েছে এবং মাওবাদীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *