দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করতে তৎপর হল ধলাই কংগ্রেস। সোমবার ধলাইর বড়জালেঙ্গায় অনুষ্ঠিত এক নাগরিক সভায় দলের তরফে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সন্তোষ রবিদাসকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব, কর্মী-সমর্থক ও বিভিন্ন স্তরের নাগরিকরা।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তরুণ নেতৃত্বের প্রয়োজন। সেই দিক থেকে সন্তোষ রবিদাস একজন উপযুক্ত ও গ্রহণযোগ্য মুখ বলে বিবেচনা করছেন দলীয় কর্মীরা। সন্তোষ রবিদাস একজন উদ্যমী যুবক হিসেবে এলাকায় পরিচিত। তিনি পেশাগত জীবনে একজন ব্যাঙ্ক কর্মী ছিলেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে স্বেচ্ছায় চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করে সক্রিয় রাজনীতিতে পা রাখেন। সামাজিক কাজকর্মে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় করে তুলেছে বলে সভায় বক্তারা জানান।
সভায় বক্তারা বলেন, সন্তোষ রবিদাস শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মী নন, তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী। ব্যাঙ্ক কর্মী হিসেবে কাজ করার সময়ও তিনি মানুষের আর্থিক সমস্যার সমাধানে সদা উদ্যোগী ছিলেন। সেই অভিজ্ঞতা ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলেই মত প্রকাশ করেন সভার নেতৃত্বেরা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, গঠিত কমিটি রাজ্য নেতৃত্বের কাছে সন্তোষ রবিদাসকে দলীয় টিকিট দেওয়ার দাবিতে স্মারকলিপি পেশ করবে এবং সংগঠনের তরফে তাঁর পক্ষে জনমত গঠনের কাজ শুরু করবে। পাশাপাশি বুথ স্তরে সংগঠন মজবুত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়। ই সভা থেকে স্পষ্ট বার্তা মিলেছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস মাঠে নামতে প্রস্তুত এবং নতুন নেতৃত্বকে সামনে এনে লড়াইকে আরও শক্তিশালী করতে চায়। রাজনৈতিক মহলের মতে, সন্তোষ রবিদাসকে কেন্দ্র করে দলের এই উদ্যোগ আগামী দিনে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।



