১ এপ্রিল থেকে টোল প্লাজায় শুধুই ডিজিটাল লেনদেন

Spread the news

২৫ ফেব্রুয়ারি : দেশের জাতীয় সড়কগুলিতে টোল আদায় ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজ়ায় নগদ লেনদেন (Cash Transaction) সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছর থেকে টোল মেটানো যাবে কেবলমাত্র ডিজিটাল পদ্ধতিতে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর থেকেই ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে অনলাইন লেনদেনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এবার টোল প্লাজ়াগুলিকে সম্পূর্ণ ‘ডিজিটাল টোলিং ইকোসিস্টেম’-এর আওতায় আনা হচ্ছে। বর্তমানে দেশের ৯৮ শতাংশেরও বেশি গাড়িতে ‘ফাসট্যাগ’ (FASTag) পরিষেবা চালু রয়েছে। আরএফআইডি (RFID) প্রযুক্তির পাশাপাশি দ্রুত লেনদেনের জন্য কিউআর কোড স্ক্যান করে ইউপিআই (UPI)-এর মাধ্যমেও পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনও গাড়িতে বৈধ ফাসট্যাগ না থাকলে এবং চালক নগদে টোল মেটাতে চাইলে নির্ধারিত হারের দ্বিগুণ টাকা নেওয়া হয়। অন্যদিকে, ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করলে প্রযোজ্য হারের ১.২৫ গুণ টাকা দিতে হয়। নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে চালকদের ডিজিটাল অভ্যাসে অভ্যস্ত করতেই এই কঠোর আর্থিক নিয়মগুলো কার্যকর করা হয়েছে।

এনএইচএআই-এর সমীক্ষায় দেখা গিয়েছে, নগদ লেনদেনের কারণে টোল প্লাজ়াগুলিতে দীর্ঘ যানজট, সময়ের অপচয় এবং প্রায়শই চালক ও কর্মীদের মধ্যে বিবাদ তৈরি হয়। দেশের ১,১৫০টিরও বেশি টোল প্লাজ়ায় সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালু হলে যান চলাচল অনেক বেশি দ্রুত ও স্বচ্ছ হবে। প্রযুক্তি-নির্ভর এই পরিষেবা নিরবচ্ছিন্ন জাতীয় সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *