বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে অবৈধ কার্যকলাপ রুখতে জোরদার অভিযান চালালো আবগারি বিভাগ। কাছাড় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
জানা গেছে, আবগারি বিভাগের দল একাধিক স্থানে হানা দিয়ে চুলাইমদ তৈরির আস্তানা চিহ্নিত করে। অভিযানের খবর পেয়ে অনেক অবৈধ ব্যবসায়ী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ চুলাইমদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল প্রস্তুত চুলাইমদ, ফারমেন্টেশন ড্রাম, চুল্লি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মদের রমরমা ব্যবসা বন্ধ করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারাও এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।



