মহাশিবরাত্রি : দেশের মঙ্গল কামনায় ভুবনতীর্থের উদ্দেশ্যে পদযাত্রা দুই ভাইয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী উপলক্ষে রবিবার পালিত হবে মহাশিবরাত্রি। এই পবিত্র তিথিকে সামনে রেখে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ভুবন মেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাশিবরাত্রি উপলক্ষে দেশ ও দশের মঙ্গল কামনায় হেঁটে রওনা দিলেন দুই ভাই। শুক্রবার সকাল সাড়ে নয়টায় শিলচরের রংপুর আঙ্গারজুর এলাকা থেকে সম্পর্কিত দুই ভাই ভক্ত দাস ও নিশিকান্ত দাস ভুবনতীর্থের উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করেন। বেলা প্রায় দু’টা নাগাদ তাঁরা সোনাইয়ে পৌঁছান। সোনাইয়ে এক সাক্ষাৎকারে তাঁরা জানান, দেশ ও সমাজের কল্যাণ কামনায় এই প্রথমবারের মতো তাঁরা হেঁটে ভুবনতীর্থে যাচ্ছেন। নিশিকান্ত দাস বলেন, তিনি এর আগে প্রায় পনেরো বার এই তীর্থস্থানে গিয়েছেন। অন্যদিকে ভক্ত দাস চারবার সেখানে গিয়েছেন। তবে আগে তাঁরা গাড়িতে করেই যাতায়াত করতেন।

তাঁদের কথায়, এবারে দেশের মঙ্গল কামনায় এবং বাবার পূজা দেওয়ার উদ্দেশ্যে বিশেষ সংকল্প নিয়েই একদিন আগে পদযাত্রা শুরু করেছেন। রংপুর থেকে দীর্ঘ পথ অতিক্রম করে সোনাই পৌঁছালেও তাঁদের মুখে ক্লান্তির ছাপ দেখা যায়নি। সোনাইয়ে আহার সেরে পুনরায় পূণ্যস্থানের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন দুই ভাই।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৮ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা ৫টা ৩২ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। এবছর মহাশিবরাত্রির নিশীথ কাল ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫২ মিনিট থেকে রাত ১২টা ৪২ মিনিট পর্যন্ত। শাস্ত্র মতে মহাশিবরাত্রির তিথিতে ৪ প্রহরে ভক্তি মনে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। চার প্রহরে মহাদেবের পুজো করলে, ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায়। পাশাপাশি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *