কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : কাছাড় জেলার জয়পুর থানা এলাকার কনকপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। শুক্রবার বিকেল প্রায় চারটা নাগাদ জ্ঞানজ্যোতি স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, ডিডিসি নির্মাণ সংস্থার টিআর-০৫-১৫৬৯ নম্বরের একটি টিপার পাথর কোয়ারি থেকে স্যান্ড-গ্রেভেল বোঝাই করে জয়পুরের দিকে আসছিল। ওই সময় কনকপুর এলাকায় স্থানীয় বাসিন্দা প্রায় ৬০ বছর বয়সী রিয়াজ উদ্দিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় টিপারটি একটি স্পিড ব্রেকারের সামনে হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারায়। ফলে টিপারটি রিয়াজ উদ্দিনকে ধাক্কা মেরে রাস্তার পাশে নালায় উল্টে পড়ে। টিপারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, টিপারের চালক মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা টিপারটি ঘিরে রাখে। খবর পেয়ে সিডিএসপি সহ জয়পুর, লক্ষীপুর এবং জিরিঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ তিনটি এক্সেকেবেটর দিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ টিপারের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ট্রিপারটিও জব্দ করা হয়েছে।

সিডিএসপি পৃথ্বিরাজ রাজখোঁয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ পাঠানো হবে। এদিকে দুর্ঘটনার পর টিপারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।



