রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিভিন্ন আধুনিক ও জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর এনআরএল শিলচর মেডিক্যাল কলেজের উন্নয়নের লক্ষ্যে ৫১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্তের সঙ্গে আলোচনা করে হাসপাতালের জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামগুলির তালিকা নির্ধারণ করেন। পরে এনআরএল-এর পক্ষ থেকে সেগুলি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। প্রদান করা সরঞ্জামের মধ্যে রয়েছে একাধিক লাইফ সেভিং ইকুইপমেন্ট, চারটি ট্রেডমিল, দু’টি ইএমজি মেশিন, দুটি ইসিজি মেশিন এবং চারটি মাল্টি-প্যারামিটার মনিটর।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানান, নতুন এই আধুনিক সরঞ্জামগুলি রোগীদের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করবে এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করবে। এর ফলে বরাক উপত্যকার রোগীরা ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা লাভ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।




