নির্বাচনের প্রাক-মুহূর্তে ধলাইয়ে কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস নীহাররঞ্জনের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা এলাকায় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে নির্বাচনের প্রাক-মুহূর্তে একই দিনে কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হলো। শুক্রবার পশ্চিম ধলাইয়ের বিভিন্ন অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজের সূচনা করেন ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস। এ দিন পশ্চিম ধলাইয়ের আইরংমারা–হরিনগর পিডব্লিউডি সড়কের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা, বড়জালেঙ্গা জিপির ছোটলেঙ্গা এলাকার পিডব্লিউডি সড়কের জন্য ১ কোটি ২৩ লক্ষ টাকা এবং ধোয়ারবন্দ মালিবস্তি গ্রামীণ সড়কের জন্য ৮৭ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক। এছাড়াও প্রতাপপুর PMGSY সড়ক থেকে সোনাছড়া ব্রিজ পর্যন্ত পিডব্লিউডি সড়কের জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা, বাগবার মুড়াবস্তির এক কিলোমিটার রাস্তার জন্য আরও ১ কোটি ৪০ লক্ষ টাকা এবং ধোয়ারবন্দ দক্ষিণটিলা পিডব্লিউডি সড়কের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকার শিলান্যাস করা হয়। একই দিনে পালংঘাট মণ্ডলেও আরও দু’টি প্রকল্পের সূচনা করেন তিনি।

প্রতিটি শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস প্রাক্তন বিধায়ক তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “পরিমল শুক্লবৈদ্য আমার রাজনৈতিক গুরু। ধলাইয়ে যে উন্নয়নের ভিত্তি গড়ে উঠেছে, তার পেছনে তাঁর বড় ভূমিকা রয়েছে।” ভবিষ্যতেও তাঁর পথ অনুসরণ করে ধলাইয়ের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *