বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাসের আন্তরিক সহযোগিতায় ও বরাক ভ্যালি পাটনি পরিষদের গঙ্গানগর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় চাকুরী প্রত্যাশী শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে এক প্রশিক্ষণ শিবিরে উদ্বোধন করা হয়েছে ধলাই কেন্দ্রের অধীন কৃষ্ণপুর গঙ্গানগর জিপির নিকামাপারে। মঙ্গলবার নিকামাপার কম্যুনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করেন বিধায়ক নীহাররঞ্জন দাস।
বরাক ভ্যালি পাটনি পরিষদের গঙ্গানগর আঞ্চলিক কমিটির সভাপতি ব্রজেন্দ্রচন্দ্র দাশের পৌরহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নীহাররঞ্জন দাস। নিজ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন আসাম রাজ্যে এখন আর টাকায় নয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে সরকারি চাকরি হচ্ছে। বিজেপি সরকার ক্ষমতাসীন আছে বলেই তা সম্ভব হচ্ছে। শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যত সুনিশ্চিত করতে এধরণের প্রশিক্ষণ শিবিরের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। বিধায়ক বলেন উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সরকারি চাকরির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই যুবক যুবতীরা যাতে সঠিক দিশা লাভ করতে পারে একথা মাথায় রেখে তার এই প্রয়াস এবং এক্ষেত্রে বরাক ভ্যালি পাটনি পরিষদের গঙ্গানগর আঞ্চলিক কমিটির আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান বিধায়ক। তাঁর কথায় প্রশিক্ষণের মাধ্যমে দিশা খুঁজে পাবেন চাকরি প্রত্যাশীরা। তিনি আরও বলেন রাজ্য সরকার এবার যেসব চাকরি দিয়েছে সেখানে ধলাই থেকে তুলনামূলক বেশি চাকরি হয়েছে লক্ষীপুরে কারণ লক্ষীপুরে বিধায়ক কৌশিক রায় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। আর এদিকে লক্ষ্য রেখে ধলাইতেও ধলাই, পালংঘাট ও বড়জালেঙ্গায় তিনি নিজস্ব উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ শিবির খোলার উদ্যোগ নেন ও বর্তমানে অনেক ছেলে মেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে। তিনি বলেন, বরাক ভ্যালি পাটনী পরিষদের সম্মেলনে এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আজকে প্রশিক্ষণ শিবির উদ্বোধন করে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি পালন করেছেন। এখানে তপশিলি সমাজের চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ব্রজেন্দ্রচন্দ্র দাশ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিকামা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ অবিনয়কুমার চন্দ, আমড়াঘাট এমকে দে সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী , সম্পাদক নীহাররঞ্জন দাশ, পূর্ব ধলাইর প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস প্রমুখ। উপস্থিত ছিলেন শিলচরের সার্পনার ইনস্টিটিউ এর কর্ণধার রাহুল দেবরায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, প্রাক্তন শিক্ষক বিজন নাথ, ধীরেন্দ্রচন্দ্র দাশ, কৃপেশ পাল, কৃষ্ণপুর গঙ্গানগর জিপি সভানেত্রী রিনারানি দাশ প্রমুখ।



