বরাক তরঙ্গ, ২০ মার্চ : পশ্চিম গারো পাহাড় জেলার প্রশাসন জেলাজুড়ে জারি থাকা রাতের কারফিউ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কার্যকর থাকা এই বিধিনিষেধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
১৯ মার্চ জারি করা এক নির্দেশে জেলার ডেপুটি কমিশনার বিভোর আগরওয়াল জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তে সহিংসতা ও অশান্তির ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলির রিপোর্ট পর্যালোচনা করে প্রশাসন মনে করেছে, পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এই প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি।

নির্দেশ অনুযায়ী, কারফিউ চলাকালীন সময়ে জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের এই বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, কারফিউ লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই নির্দেশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ধারা ১৬৩ অনুযায়ী জারি করা হয়েছে এবং নতুন নির্দেশ না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে।




