বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. অরূপকুমার মিশ্রকে সংবর্ধনা জানাল নেতাজি ছাত্র যুব সংস্থা। শিলচরে আগমন উপলক্ষে অরূপকুমার মিশ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার এক প্রতিনিধি দল। সংস্থার পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ও স্মারক প্রদান করে আন্তরিক সংবর্ধনা জানানো হয়।
সাক্ষাৎ পর্বে বরাক উপত্যকায় পরিবেশ সুরক্ষা জোরদার করা, বায়ু ও জলদূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, শিল্প ও নগর বর্জ্য ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয়।
নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সঞ্চালক নির্ঝর দাস, সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননী গোপাল দেব, ব্যবসায়ী হিফজুর রসুল ও ফজল বড়ভূইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব মৌসুমী বরদলৈ এবং বরাক উপত্যকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দু দাস। তাঁদেরকেও সংস্থার পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। সংস্থার প্রকল্প সঞ্চালক নির্ঝর দাস, সাধারণ সম্পাদক দিলু দাস বলেন, “পরিবেশ রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আগামী দিনে নেতাজি ছাত্র যুব সংস্থা আরও বৃহত্তর পরিসরে পরিবেশ সচেতনতা কর্মসূচি গ্রহণ করবে।”

উল্লেখ্য, নেতাজি ছাত্র যুব সংস্থা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সুরক্ষা ও পরিবেশ সচেতনতা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং বরাক উপত্যকায় সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।



