শিলচরে জাতীয় কুষ্ঠ বিরোধী দিবস পালন, সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের কাছাড় জেলার এনএলইপি (জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচি)-এর উদ্যোগে শুক্রবার জাতীয় কুষ্ঠ নিরাময় দিবস পালন করা হয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্টস এন্ড ভেনেরোলোজিস্টস এন্ড লেপরোলোজিস্ট (এন ই আই এ ডি ভি এল)- এর বরাক চ্যাপ্টার এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগ ও রোটারি ক্লাব অব শিলচরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কাছাড় জেলার বিভিন্ন স্থানে পথনাটকের আয়োজন করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগকে ঘিরে সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে রোটারি ক্লাব অব শিলচরের সহযোগিতায় অঙ্গনওয়াড়ি কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং কুষ্ঠ রোগীদের তাদের গুরুত্বপূর্ণ অবদান ও অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সফলভাবে সুস্থ হওয়া এক কুষ্ঠ রোগীকেও এদিন সংবর্ধনা জানানো হয়। এর মাধ্যমে রোগের প্রাথমিক পর্যায়ে নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। এ বছরের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল “বৈষম্যের অবসান ও মর্যাদা নিশ্চিতকরণ”।

উল্লেখ্য, এনএলইপি-এর অধীনে স্পর্শ কুষ্ঠ সচেতনতা অভিযান (এসএলএসি) গত শনিবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি। এই সময়ে কাছাড় জেলার প্রতিটি গ্রামে গ্রামসভা আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জেলা জুড়ে স্কুলভিত্তিক বিভিন্ন কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, পথ নাটক, কুষ্ঠরোগ বিষয়ে প্রচার পুস্তিকা বিতরণ ও নানা সামাজিক সচেতনতা অভিযান পরিচালিত হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ মিসেস কাবান তেরনপি, জেলা এনএলইপি-র নোডাল অফিসার বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ সন্দীপ রায়, শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অরূপ কুমার পাটোয়া সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডাঃ জয়দীপ রায়, সহকারী অধ্যাপক ডাঃ অরূপ পাল, রেজিস্টার ডাঃ শ্রোমনা কর, এনইআই এডিভিএল বরাক চ্যাপ্টারের সভাপতি ডাঃ অংশুমান ভট্টাচার্য, সিভিল হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডাঃ জুরি শর্মা, রোটারি ক্লাব অব শিলচরের সদস্য বিশ্বদীপ ঘোষ ও মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *