ফাল্গুনের ঝড়ে তছনছ কাছাড়, শিলা-বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

Spread the news

মান্তু নাথ, বড়খলা।

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : কালবৈশাখী নয়, ফাল্গুন মাসের আকস্মিক ঝড় ও শিলা-বৃষ্টির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন কাছাড় জেলার মানুষ। রবিবার দিন ও রাত জুড়ে ঘনঘন ঝড়-বৃষ্টি ও শিলা-বৃষ্টির প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বড়খলা কেন্দ্রেও। ঝড়ের তাণ্ডবে বহু মানুষের বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে, আবার কোথাও ঝড়ের দাপটে ঘরবাড়ি ভূপাতিত হয়েছে।

ভাঙ্গারপার এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। প্রলয়ংকরী ঝড়ের সঙ্গে শিলা-বৃষ্টির আঘাতে বসতঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু মূল্যবান গাছপালা ও কৃষিজ ফসলও বিনষ্ট হয়েছে। অকাল ঝড়-বৃষ্টির এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চরম হতাশা ও হাহাকার দেখা দিয়েছে।

এদিকে দক্ষিণ ভাঙ্গারপার এলাকার নাশির উদ্দিন বড়ভুইয়া, রফিক উদ্দিন বড়ভুইয়া, দিলোয়ার হুসেন তালুকদার, সামছুল ইসলাম তালুকদার, বদরুল ইসলাম তালুকদার, হোসেন আহমদ তালুকদার এবং সুমিৎ নাথসহ একাধিক পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে দ্রুত ক্ষয়ক্ষতির তদন্ত করে আর্থিক সহায়তা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কাছাড়ের জেলা শাসক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মানুষ।

শুধু বড়খলা নয়, উদারবন্দ, কাটিগড়া, লক্ষীপুর, সোনাই, শিলচর ও ধলাইসহ কাছাড় জেলার প্রায় সব বিধানসভা এলাকাতেই ঝড় ও শিলা-বৃষ্টির তাণ্ডবে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *