বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : ভাঙাগড় এলাকায় এক রহস্যজনক ঘটনায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে। রুদ্রাক্ষ মলের চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয় ওই যুবকের দেহ। জানা গেছে, তিনি সপ্তম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় যুবককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত যুবকের নাম সিদ্ধান্ত দাস। মাত্র এক মাস আগে তাঁর বিয়ে হয়েছিল বলে জানা গেছে। তাঁর বাড়ি সোনাপুরে।
মৃত সিদ্ধান্ত দাস (২৮)-কে তড়িঘড়ি করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। পরিবারের অভিযোগ, ঘটনার রাতে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, মলের ভিতর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসছিলেন সিদ্ধান্ত, সেই সময়ই তিনি পড়ে গিয়ে গুরুতর জখম হন। ইতিমধ্যেই পল্টন বাজার থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে তিনি বাড়িতে থেকেই পানীয় জলের ব্যবসা করতেন।



