বিয়ের ২৬ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য লক্ষীপুরে

Spread the news

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় এক নববধূর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শিলচর সদর থানা এলাকার আলগাপুর নয়ারাজ গ্রামে। জানা গেছে, গত ৭ জানুয়ারি সামাজিক রীতিতে বিয়ে হয় নয়ারাজ গ্রামের রমজান হোসেন লস্করের সঙ্গে বাঁশকান্দি উজান বাদ্রিপার গ্রামের রমিজ উদ্দিন লস্করের কন্যা সাকি বেগম লস্করের (১৯)। বিয়ের পর গত বুধবার সাকি বেগম স্বামীকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতেও গিয়েছিলেন।

মঙ্গলবার সকালে আচমকাই সাকির স্বামী ফোন করে শ্বশুরবাড়িতে জানান, তাঁর স্ত্রী নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই খবর পেয়ে সাকির বাবা রমিজ উদ্দিন লস্কর সহ পরিবারের অন্যান্য সদস্যদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দ্রুত তাঁরা আলগাপুরে রমজানের বাড়িতে গিয়ে দেখেন, সাকি বেগম নিজের শয়নকক্ষে বিছানার পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। তবে তাঁর পা পালং থেকে অনেকটাই নিচে ঝুলছিল, যা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই শিলচর সদর থানায় খবর দেওয়া হয়।  ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে বিকেলে নববধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, মৃত সাকি বেগমের বাবা ও ভাইয়ের অভিযোগ, সাকি কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারেন না। তাঁদের দাবি, তাঁকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অথবা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর মাত্র ২৬ দিনের সংসার মোটেই সুখের ছিল না এবং এই সময়ের মধ্যে সাকিকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সমস্ত পরিস্থিতির নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *