কাছাড় ট্রেজারিতে প্রাক্তন দপ্তরি আব্দুল কালাম লস্করের স্মরণে শোকসভা

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই :
কাছাড় ট্রেজারী, শিলচরের প্রাক্তন দপ্তরি আব্দুল কালাম লস্করের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ট্রেজারি কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠিত এই সভায় প্রয়াত কর্মীর কর্মনিষ্ঠা, নিয়মানুবর্তিতা, সততা ও পরোপকারী মনোভাবের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সহকর্মীরা।
শোকসভায় বক্তব্য রাখেন ট্রেজারি অফিসার গুনোজিৎ মেধী, সুপারিনটেনডেন্ট ডাইগং কাবুই এবং সিনিয়র ট্রেজারি অ্যাকাউন্ট্যান্ট নরেন সিনহা।

বক্তারা বলেন, আব্দুল কালাম লস্কর ছিলেন অত্যন্ত দায়িত্বশীল, সৎ ও সহৃদয় ব্যক্তি। তাঁর কর্মজীবনের নিষ্ঠা ও মানবিক গুণাবলি সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী দুই মিনিট নীরবতা পালন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিনের শোকসভায় ত্রিদিব চক্রবর্তী, আমিনুল ইসলাম বড়ভূইয়া, দেবব্রত চক্রবর্তী-সহ ট্রেজারী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রাক্তন দপ্তরি আব্দুল কালাম লস্কর গত ১৬ জুলাই সকালে প্রায় ৭টায় ৬২ বছর বয়সে গোবিন্দপুরস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *