২৭ মার্চ : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “মন্ত্র একটাই—একতা। টিম ইন্ডিয়া হিসেবে কাজ করলেই যেকোনও সংকট কাটিয়ে ওঠা সম্ভব”, এবং এই প্রসঙ্গে তিনি কোভিড মহামারীর সময় কেন্দ্র ও রাজ্যের যৌথ লড়াইয়ের কথা স্মরণ করান।
প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে জানান, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে দেশ সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। কোভিড পরিস্থিতির মতোই বর্তমান যুদ্ধের আবহেও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলা-সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন থাকায় আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রীদের পরিবর্তে মুখ্যসচিবদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে তিনি বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য চান। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও কোনও সমস্যা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
বিশেষভাবে জোর দেওয়া হয় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কালোবাজারি রোধের উপর। প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে নির্দেশ দেন, সংকটের সুযোগ নিয়ে যাতে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল বা এলপিজি নিয়ে মুনাফা করতে না পারে, সেদিকে কড়া নজর রাখতে হবে।
উল্লেখ্য, জ্বালানি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।



