ধলাইয়ে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নীহার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : ধলাই বিধানসভা এলাকার তিনটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দিনভর একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন সম্পন্ন হলো শনিবার। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রকল্পগুলির সূচনা করেন বিধায়ক নীহাররঞ্জন দাস।

এদিন শিলান্যাস করা প্রকল্প গুলি হচ্ছে ৪ লক্ষ টাকা ব্যয়ে জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম দেবীপুর পিডব্লিউডি রোড থেকে দেবীপুর নিত্যানন্দ আশ্রম পর্যন্ত সিসি ব্লক রাস্তা নির্মাণ। ধলাই গ্রাম পঞ্চায়েতের অধীন বিএনএমপি উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে আনটাইড ফাণ্ডের ২০ লক্ষ টাকার গ্যালারি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়াও বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নরসিংহপুর সাউথ গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ বেকিরপারে ১০ লক্ষ টাকার বিসর্জন ঘাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাবুগঞ্জ শ্রীশ্রী ভুবনেশ্বর সাধুঠাকুর আশ্রমে ১০ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সিসি ব্লকের রাস্তা নির্মাণ প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক।

বিকেলে পূর্ব বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড়জালেঙ্গা একাদশ খণ্ড এলাকার শান্তিপুর শিববাড়ির সিঁড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উক্ত প্রকল্পের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পরে একই গ্রাম পঞ্চায়েতে “অটল বাজার সাপ্তাহিক বাজার” এর উদ্বোধন করেন বিধায়ক নীহার। সন্ধ্যায় উত্তর নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ক্লেভারহাউস চতুর্থ খণ্ড এলাকায় রাধা-মাধব আখড়ার নিকটে একটি সামাজিক ও সাংস্কৃতিক হল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। উক্ত প্রকল্পের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক অনুদান মঞ্জুর হয়েছে। এছাড়াও নরসিংপুর স্বর্ণলক্ষ্মী এইচ এস স্কুলের খেলার মাঠ পরিদর্শন করেন ধলাইর বিধায়ক। 

উল্লেখ্য এদিন বিভিন্ন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই–নরসিংহপুর জেলা পরিষদের সদস্য পম্পী নাথ চৌধুরী, নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্মল কান্তি দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস, শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি পৃথীশ চন্দ্র দাস, পানিভরা জিপি সভানেত্রী মৌমিতা পাল, নরসিংহপুর নর্থ জিপি সভানেত্রী রাধারানী নাথ, নরসিংপুর সাউথ জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিবাকর সিনহা ও জিপি সভানেত্রী বিপিণা সিনহা, কাছাড় জিলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, প্রাক্তন জিপি সভাপতি যথাক্রমে রুক্ষিণী কুমার সিনহা, সজল কান্তি নাথ ও সূর্য্যকান্ত সিনহা, সমাজকর্মী কমলেশ দাশ, সত্যজিৎ গোস্বামী, পুতুল সিনহা, মিহির সিনহা সহ অনেকে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন, কেন্দ্র ও রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে। ধলাইয়ের মানুষের মৌলিক পরিকাঠামো—যোগাযোগ, শিক্ষা, ক্রীড়া, বাজার ব্যবস্থা ও সামাজিক–সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচিত হওয়ার পর থেকে ধলাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য-এর উন্নয়নমুখী পদাঙ্ক অনুসরণ করেই তিনি কাজ করে চলেছেন। ধলাইয়ের উন্নয়নে নিজে যেমন সচেষ্ট, তেমনি কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এলাকার জন্য আরও বহু প্রকল্প আসছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ধলাই বিধানসভা এলাকায় যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে, ক্রীড়া ও শিক্ষার পরিকাঠামো উন্নত হবে, বাজার ব্যবস্থায় গতি আসবে এবং সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে—যার সরাসরি সুফল পাবেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *