বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : আত্মবিশ্বাস! এই প্রথমবার সোনাইয়ে দেখা গেল ভোট শেষে বিশাল আয়োজন করে হিসেব নিকেশ করার সভা। আর এমন সভায় সোনাইয়ের সচেতন মহলকে অবাক করে তুলে। শুক্রবার সন্ধ্যায় আউলিয়া বাজারের একটি ভবনে অনুষ্ঠিত এই সভায় অগপ-বিজেপি শিবিরে আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো।
দলীয় কর্মী ও সমর্থকদের দাবি, তাদের নিজস্ব সমীক্ষা অনুযায়ী অগপ প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া অন্তত ২০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন। এই দাবিতে তাঁরা প্রায় ১০০ শতাংশ নিশ্চিত বলেও জানান।
সভায় সোনাই বিধানসভার অন্তর্গত ১৮টি গ্রাম পঞ্চায়েত এবং শহরাঞ্চলের ভোটের বিস্তারিত বিশ্লেষণ করেন রাজনৈতিক বিশ্লেষক ও প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের হিসেব অনুযায়ী, প্রায় ৯২ হাজার ভোট পেয়ে করিম উদ্দিন বড়ভূইয়া দ্বিতীয়বারের জন্য বিধায়ক হওয়ার পথে এগিয়ে রয়েছেন।
এই পর্যালোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক দলীয় কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা নিজ নিজ এলাকার ভোটের পরিসংখ্যান তুলে ধরেন। সভা শেষে বুথ ফেরত সমীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রাজ্যের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিনহা। নজিরবিহীনভাবে বৃহৎ পরিসরে ফলাফলের হিসেব-নিকেশ করতে পর্যালোচনা সভার আয়োজন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, ভোট-পরবর্তী সময়ে সোনাই আসনের সামগ্রিক চিত্র এখনও স্পষ্ট নয়। কংগ্রেস ও অগপ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানা যাচ্ছে। এক দিকের ঘাটতি অন্য দিকে পুষিয়ে নেওয়া হয় বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, নীরব ভোটারদের ভূমিকা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে, কারণ তাদের ভোটই শেষ পর্যন্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।



