পঞ্চায়েত রোডে বিজেপির নির্বাচনী সভায় সংখ্যালঘুদের ভিড়, রাজদীপ রায়ের সমর্থনে জোরদার প্রচার

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : নির্বাচনকে সামনে রেখে শিলচরে প্রচারে গতি বাড়িয়েছে বিজেপি। রবিবার শিলচর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত রোডের এমএস পার্কিং জোনে দলের প্রার্থী ড. রাজদীপ রায়ের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি নজরে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী ডাঃ রাজদীপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন খলিলুর রহমান বড়ভূইয়া, অসীম দাস, অমিতেশ চক্রবর্তী, মঞ্জু লস্কর, মুন্না লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অভিযোগ তোলেন, কংগ্রেস শাসনকালে সংখ্যালঘুদের প্রাপ্য গুরুত্ব দেওয়া হয়নি এবং চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নমূলক কাজের গতি বেড়েছে এবং বহু মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন।
এদিন সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আগামী নির্বাচনে ড. রাজদীপ রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। সভাস্থল জুড়ে “বিজেপি জিন্দাবাদ” ও “রাজদীপ রায় জিন্দাবাদ” স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

অন্যদিকে, রাজদীপ রায় সকলের আশীর্বাদ কামনা করে বলেন, নির্বাচনে জয়ী হলে পঞ্চায়েত রোড এলাকার জলজমা সমস্যা, ভাঙাচোরা রাস্তা সহ বিভিন্ন জনসমস্যার দ্রুত সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *