কাটিগড়ায় অমিত শাহ অনুষ্ঠানের প্রস্তুতি দেখলেন মন্ত্রী জয়ন্ত ও কৌশিক

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : আগামী ২০ ফেব্রুয়ারি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের পশ্চিম কাটিগড়ার ইন্দো-বাংলা সীমান্তবর্তী নাতানপুর এলাকায় আসছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধীনতার পর এই প্রথম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিম কাটিগড়া সফরে আসছেন বলে জানা গেছে। তাঁর আগমনকে ঘিরে সীমান্ত এলাকাজুড়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্রের খবর, ১৯ ফেব্রুয়ারি রাতে তিনি শিলচরে পৌঁছাবেন এবং সেখানেই রাতযাপন করবেন। পরদিন ২০ ফেব্রুয়ারি সকালে নাতানপুরে আয়োজিত ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম (ভিভিপি) সিজন টু’-এর কার্যসূচিতে অংশ নেবেন। আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো সশক্তিকরণ এবং সীমান্তবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের এই কর্মসূচির আওতায় তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে তিনি সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করবেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করবেন। একই দিনে একটি বৃহৎ জনসভারও আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন অমিত শাহ। বরাক উপত্যকায় অন্যান্য কর্মসূচি শেষ করে ২১ ফেব্রুয়ারি তিনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে নাতানপুরে প্রায় দু’শত বিঘা জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। অনুষ্ঠানস্থলকে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রস্তুত করতে শতাধিক শ্রমিক দিনরাত কাজ করছেন। জনসভাস্থল ও অন্যান্য প্রস্তুতি পরিদর্শনে রবিবার নাতানপুরে যান জনস্বাস্থ্য কারিগরি ও কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গ, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, বিএসএফ-এর পদস্থ কর্তা এবং বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা। এছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত বলেন, সীমান্তবর্তী এলাকায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন অত্যন্ত গর্বের বিষয়। সীমান্ত অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে নানা সমস্যার অভিযোগ উঠে এসেছে, এবার সেগুলি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী খতিয়ে দেখবেন। তাঁর মতে, সীমান্ত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তিনি আশা প্রকাশ করেন, ২০ ফেব্রুয়ারির জনসভায় অন্তত ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে।

অমিত শাহের আগমনকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অন্যদিকে, সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যেও বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। গোটা সীমান্ত এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং বাহিনীর মধ্যে বাড়তি প্রস্তুতি শুরু হয়েছে।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *