বরাক তরঙ্গ, ১২ মার্চ : নির্বাচনের ঠিক আগে সামাগুড়ির শালনায় রহস্যজনকভাবে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাগুড়ি পুলিশ থানার অধীনস্থ শালনার বরজুড়ি এলাকায় রাস্তার ধারে রাখা একটি স্কুটি থেকে এই টাকার বান্ডিল উদ্ধার করা হয়।
জানা গেছে, শালনা ও বরজুড়ি সংযোগকারী সড়কে দাঁড় করিয়ে রাখা AS 02R 8641 নম্বরের একটি কালো রঙের স্কুটি থেকে টাকাগুলি উদ্ধার করা হয়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা স্কুটারটি সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সামাগুড়ি ও শালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটারটি তল্লাশি চালিয়ে টাকাগুলি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুটির ভেতরে ও বাইরে টাকাগুলি রেখে রাস্তার নির্জন স্থানে কেন স্কুটিটি ফেলে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

যদিও পুলিশের তদন্তে পুরো ঘটনার আসল রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। রাতেই পুলিশ টাকাগুলি গুনে মোট ২৭ লাখ ১৭ হাজার ৮৮০ টাকা বাজেয়াপ্ত ল করে। তদন্ত শেষ হলে টাকার প্রকৃত মালিক কে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।



