বরাক তরঙ্গ, ১০ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে মঙ্গলবার জেলা সদরের কলেজ রোডস্থিত সাহিত্য ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন রুনা খানম মজুমদার এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন চম্পা সরকার। সভার সূচনায় সঙ্গীত পরিবেশন করেন শম্পা দে এবং আধুনিক কবিতা পাঠ করেন শিখা ভট্টাচার্য।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আন্তর্জাতিক নারী দিবসের ঐতিহাসিক উৎস শ্রমজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ১৯১০ সালে কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক মহিলা সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকেই বিশ্বের সংগ্রামী নারীরা এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করে আসছেন।
সভায় বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য সোমা পাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের অসম রাজ্য কমিটির কার্যকরী সদস্যা ও হাইলাকান্দি জেলা ইনচার্জ শম্পা দে। তাঁর বক্তব্যে তিনি বর্তমান সময়ের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের সংকট তুলে ধরে বলেন যে মদ, ড্রাগস, জুয়া ও অশ্লীলতার বিস্তার যুবসমাজকে বিপথগামী করছে এবং নারী নির্যাতন, ধর্ষণ, কন্যাভ্রূণ হত্যা ও ডাইনি হত্যার মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদ ও ভারতীয় পুঁজিবাদী ব্যবস্থার শোষণ মানব সমাজে গভীর সংকট সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে নারী সমাজকে সংগঠিত সংগ্রামের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে আসতে হবে।
সভায় সর্বশেষ বক্তব্য রাখেন সাহিত্য পত্রিকার সম্পাদক শিখা ভট্টাচার্য। সভা থেকে নারী সমাজকে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।




